শনিবার,

০৬ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

XFilesBd

ময়মনসিংহে অটোরিক্সা চালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন: গ্রেফতার একাধিক

রবিন বরকত উল্যাহ, ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৮, ৩ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে অটোরিক্সা চালক হত্যা ও ছিনতাইয়ের  রহস্য উদ্ঘাটন: গ্রেফতার একাধিক

ময়মনসিংহের মুক্তাগাছায় চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা এবং পৃথক ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে একাধিক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও ছিনতাইকৃত অটোরিক্সাও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৬ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী এলাকায় অটোরিক্সা চালক মানিক মিয়াকে (৪১) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসাইন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে পুলিশ সুজন মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে সুজন মিয়া জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা চালক মানিক মিয়ার ওপর হামলা চালায়। বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। পরে আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে। এদিকে, একই সময়ে আরেকটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনারও রহস্য উদ্ঘাটন করে পুলিশ। গত ২৮ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জাহিদ (১৯) নামে এক চালককে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে হাত-পা বেঁধে তার অটোরিক্সা ছিনতাই করা হয়।
এই ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলার তদন্তে নেমে পুলিশ একটি ছিনতাইকারী চক্রকে শনাক্ত করে এবং চারজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন—রাশিদুল (৩৬), সাইফুল ইসলাম (৪২), রেজাউল করিম ওরফে রেজা (২৬) এবং আব্দুর রাহিম (১৯)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আব্দুর রাহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ আরও জানায়, দুটি মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।