শনিবার,

০৭ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২২ ১৪৩২

XFilesBd

ফিরেদেখার উদ্যোগে ঈদ উপহার ও জয়ী শিক্ষাবৃত্তি প্রদান

চিপ রিপোর্টার, এক্সফাইল

প্রকাশিত: ১২:৫০, ৭ মার্চ ২০২৬

ফিরেদেখার উদ্যোগে ঈদ উপহার ও জয়ী শিক্ষাবৃত্তি প্রদান

রংপুরের সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক সংগঠন “ফিরেদেখা”-র উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিশু-কিশোরদের মাঝে ১৩তম ঈদ উপহার বিতরণ এবং তৃতীয়বারের মতো মেধাবী নারী শিক্ষার্থীদের জয়ী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

 

শুক্রবার দুপুর ২টায় রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রংপুর শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় দুই শতাধিক শিশু-কিশোরের মাঝে উপহার বিতরণ করা হয়। ছেলেদের দেওয়া হয় প্যান্ট-শার্ট এবং মেয়েদের দেওয়া হয় ফ্রক।
সংগঠনটি গত ১৩ বছর ধরে নিষ্ঠার সাথে সাহিত্য-সংস্কৃতি চর্চার পাশাপাশি সামাজিক কল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। জয়ী শিক্ষাবৃত্তি এবং এবারের শিশুদের ঈদ উপহারের প্রধান পৃষ্ঠপোষকতা করেছেন সুদূর যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, কবি ও কথাসাহিত্যিক সিনথিয়া খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও রংপুর আরআরএফের কমান্ড্যান্ট আব্দুর রাজ্জাক, লেখক ও প্রাবন্ধিক রেজাউল করিম মুকুল, রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কথাসাহিত্যিক নার্গিস আক্তার বানু ঝর্ণা, তিস্তা বাঁচাও আন্দোলনের নেতা ও রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক সফিয়ার রহমান, সাংবাদিক ইয়াসমিন লুনি, মোশারফ হোসেন, কবি আলা আমিন ইসলাম, ফাত্তাহান আলী, শফিকুল ইসলাম আবির, মোজাম্মেল হক, মুনতাহা মারসি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ফিরেদেখা’র সদস্য আব্দুল্লাহ আল আসিব, সাবরিনা আক্তার ও অর্ঘ্য জেব প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাপস মাহমুদ এবং সঞ্চালনা করেন সাকিল মাসুদ।
এসময় রংপুর অঞ্চলের মেধাবী নারী শিক্ষার্থীদের মাঝে মোট ২ লাখ ৪০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থী এক বছরের জন্য ২৪ হাজার টাকা করে বৃত্তি পান। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাফা সুলতানা (২০২২-২৩),  টিচার্স ট্রেনিং কলেজ রংপুরের শিক্ষা বিভাগের নুপুর আক্তার (২০২১-২২), ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সংগীতা রানী (২০২৩-২৪), সুমাইয়া মিমতাজ স্বর্ণা (২০১৯-২০), ইংরেজি বিভাগের দোলনা আক্তার (২০২২-২৩), অর্থনীতি বিভাগের রাসনা আক্তার (২০২৪-২৫), রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী তাসনিম অথৈ (২০২২-২৩), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মেহেজাবীন রহমান মিনতী (২০২৪-২৫) প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ফিরেদেখা সংগঠনের এই উদ্যোগ এবং পৃষ্ঠপোষক সিনথিয়া খানের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, সিনথিয়া খানের এ ধরনের মহৎ উদ্যোগ রংপুরের শিশু ও মেধাবী নারী শিক্ষার্থীদের এগিয়ে যেতে উৎসাহ জোগাচ্ছে।
অন্যদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক পেয়ে শিশুদের চোখে-মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। প্রাণবন্ত পরিবেশে উপহার বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।