সোমবার,

৩০ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১৫ ১৪৩৩

XFilesBd

তিন দশকের সাধনা ও কথার বুনন: বগুড়া লেখক চক্রে সম্মানিত কবি নূর কামরুন নাহার

বগুড়া থেকে বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৩, ২৯ নভেম্বর ২০২৬

তিন দশকের সাধনা ও কথার বুনন: বগুড়া লেখক চক্রে সম্মানিত কবি নূর কামরুন নাহার

শব্দের বুননে জীবনের জটিলতা, মানুষের মনস্তত্ত্ব আর সমাজের সূক্ষ্ম টানাপোড়েনকে তুলে ধরার এক দীর্ঘ যাত্রার নাম নূর কামরুন নাহার। তিন দশকেরও বেশি সময় ধরে সাহিত্যচর্চার নানা শাখায় নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন তিনি। কথাসাহিত্যে তাঁর সেই নিরবচ্ছিন্ন অবদানের স্বীকৃতি হিসেবে এবার ‘বগুড়া লেখক চক্র পুরস্কার’-এ ভূষিত হলেন এই বিশিষ্ট কথাশিল্পী ও কলামিস্ট। বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী (২৭–২৯ নভেম্বর) কবিতা সম্মেলনের দ্বিতীয় দিনে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মেলনের দ্বিতীয় দিনের সম্মাননা পর্বে নূর কামরুন নাহারের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় মঞ্চে ও মিলনায়তনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, শিল্পকলা একাডেমির পরিচালক খোকন মাহমুদ এবং বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিকসহ বিশিষ্টজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই শতাধিক কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীর উপস্থিতিতে মিলনায়তন সেদিন রূপ নিয়েছিল এক প্রাণবন্ত মিলনমেলায়। উল্লেখ্য, সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর মোট আটজন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

নূর কামরুন নাহারের সাহিত্যভুবন বিস্তৃত ও বহুমাত্রিক। গত ত্রিশ বছরের বেশি সময় ধরে তিনি লিখে চলেছেন গল্প, প্রবন্ধ ও কলাম। তাঁর লেখার কেন্দ্রে থাকে চারপাশের মানুষ, সম্পর্কের টানাপোড়েন, দাম্পত্যের সূক্ষ্ম অনুষঙ্গ, শ্রেণি সংগ্রাম এবং মানুষের ভেতরকার মনস্তাত্ত্বিক জগত। ছোটগল্প ও কথাসাহিত্য তাঁর প্রধান অনুরাগ ও সাধনার জায়গা হলেও সমকালের নানা ইস্যুতে তাঁর কলম সমানভাবে সক্রিয়। বিশেষ করে জেন্ডার ইস্যু, নারী ক্ষমতায়ন এবং নারীর মানবিক জীবনযাত্রা নিয়ে পত্রপত্রিকায় নিয়মিত লিখে আসছেন তিনি। পাশাপাশি শিক্ষা, পরিবেশ এবং সাম্প্রতিক সামাজিক বাস্তবতা নিয়েও তাঁর রয়েছে গভীর পর্যবেক্ষণ ও মননশীল প্রবন্ধ।

কর্মজীবনের ব্যস্ততাও কখনো তাঁর সৃজনশীলতাকে থামাতে পারেনি। বিআইডব্লিউটিএ এবং ডিপিডিসিতে জনসংযোগের কাজে দীর্ঘ একুশ বছর দায়িত্ব পালন করেছেন তিনি; বর্তমানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডিপিডিসি) ডিজিএম হিসেবে কর্মরত। জনসংযোগ, সাংবাদিকতা ও বস্তনিষ্ঠতার মতো পেশাগত অভিজ্ঞতাও তাঁর লেখায় যুক্ত করেছে বাস্তবতার ভিন্ন মাত্রা—যা নিয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকায় তাঁর বহু লেখা প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি। বাংলা সাহিত্যের গণ্ডি ছাড়িয়ে তাঁর সৃষ্টির পরিধি বিস্তৃত হয়েছে আন্তর্জাতিক পরিসরেও। দিল্লি থেকে প্রকাশিত হয়েছে তাঁর গল্পের ইংরেজি অনুবাদগ্রন্থ A Death and a Morning এবং কানাডা থেকে প্রকাশিত হয়েছে A Whistling Night। এ ছাড়া তাঁর সম্পাদনায় এসেছে দ্বিভাষিক গ্রন্থ জলের গল্প (Stories of Water) এবং যৌথ সম্পাদনায় প্রকাশিত হয়েছে মুক্তির পঞ্চাশ গল্পে দুই প্রজন্ম, নারীর বিশ্ব, নারীর কলমে দক্ষিণ এশিয়ার গল্প এবং South Asian Stories of Women Writers।

বগুড়া লেখক চক্রের এই সম্মাননা তাই কেবল একটি পুরস্কার নয়, বরং এক নিভৃত ও নিষ্ঠাবান সাহিত্যসাধকের দীর্ঘ পথচলার আনুষ্ঠানিক স্বীকৃতি। কর্মক্ষেত্রের দায়িত্ব আর সৃজনশীলতার সেতুবন্ধন রচনা করে নূর কামরুন নাহার যেভাবে মানুষ ও সময়ের কথা বলে চলেছেন, এই সম্মাননা তাঁর সেই সাহিত্যযাত্রাকে আরও গতিশীল ও প্রেরণাদায়ক করে তুলবে—এমনটাই মনে করছেন উপস্থিত কবি-সাহিত্যিক ও অনুরাগীরা।