রোববার,

২২ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩

XFilesBd

ফেনী সাহিত্য সভার পাঠচক্রে কবি বেলাল চৌধুরী স্মরণ

প্রকাশিত: ০০:০৭, ২২ নভেম্বর ২০২৬

ফেনী সাহিত্য সভার পাঠচক্রে কবি বেলাল চৌধুরী স্মরণ

প্রেস বিজ্ঞপ্তি:
ফেনীর সাহিত্য-সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র, ষাটের দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক বেলাল চৌধুরীকে স্মরণ করে ফেনী সাহিত্য সভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাঠচক্রের অষ্টম অধিবেশন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ফেনীর নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারের আঙিনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।


‘আমাদের কবি বেলাল চৌধুরী’ শীর্ষক স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন শব্দবাহন সম্পাদক কবি সৈকত রায়হান। বক্তব্য দেন বিশিষ্ট কবি ও সম্পাদক বদরুল হায়দার। আলোচনায় অংশ নেন ফেনীর প্রধান কবি মনজুর তাজিম এবং কবি ও গবেষক শাবিহ মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেনী সাহিত্য সভার সাধারণ সম্পাদক কবি শামীম পাটোয়ারী।


আলোচনায় বক্তারা বলেন, কবি বেলাল চৌধুরী শুধু ফেনীর নয়, বাংলা ভাষা ও সাহিত্যের এক অনন্য সম্পদ। তাঁর জীবন ও সাহিত্যকর্মে স্বদেশ, মানুষ, প্রকৃতি, মানবিকতা এবং বিশ্বসাহিত্যের অনুষঙ্গ অসাধারণ শিল্পসুষমায় প্রতিফলিত হয়েছে। কবিতা, প্রবন্ধ, গবেষণা, অনুবাদ ও সম্পাদনায় তাঁর বহুমাত্রিক অবদান বাংলা সাহিত্যে তাঁকে স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তাঁর সাহিত্যকীর্তি নতুন প্রজন্মের পাঠক ও লেখকদের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।


উল্লেখ্য, কবি বেলাল চৌধুরী ১৯৩৮ সালের ১২ নভেম্বর ফেনী সদর উপজেলার শর্শদি গ্রামে জন্মগ্রহণ করেন। পঞ্চাশের দশকে কবিতা রচনার মধ্য দিয়ে তাঁর সাহিত্যযাত্রা শুরু। পরবর্তী সময়ে তিনি ষাটের দশকের অন্যতম স্বতন্ত্র কণ্ঠস্বর হিসেবে বাংলা কবিতায় নিজের অবস্থান তৈরি করেন। কবিতার পাশাপাশি প্রবন্ধ, গবেষণা, সাংবাদিকতা, অনুবাদ ও সম্পাদনায় রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। কলকাতায় অবস্থানকালে কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্যপত্রিকা ‘কৃত্তিবাস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। দেশে ফিরে ‘সাপ্তাহিক সন্দ্বীপ’, ‘সচিত্র সন্ধানী’ এবং দীর্ঘদিন ‘ভারত বিচিত্রা’ সম্পাদনার দায়িত্ব পালন করেন। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনেও তাঁর ছিল সক্রিয় ভূমিকা।
‘নিষাদ প্রদেশে’, ‘আত্মপ্রতিকৃতি’, ‘স্থির জীবন ও নিসর্গ’, ‘স্বপ্নবন্দী’, ‘জলবিষুবের পূর্ণিমা’, ‘যাবজ্জীবন সশ্রম উল্লাসে’, ‘বত্রিশ নম্বর’ ও ‘সেলাই করা ছায়া’ তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ কবিদের রচনাও তিনি বাংলায় অনুবাদ করেছেন। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১৪ সালে একুশে পদকে ভূষিত হন। ২০১৮ সালের ২৪ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। জন্মভূমি ফেনীর শর্শদিতে সমাহিত এই কবি আজও তাঁর সাহিত্যকর্মের মধ্য দিয়ে পাঠকের হৃদয়ে বেঁচে আছেন।
স্মরণানুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা পাঠ করেন কবি মনজুর তাজিম, বদরুল হায়দার, সৈকত রায়হান, শাবিহ মাহমুদ, শামীম পাটোয়ারী, শিরিন রহমান, নাজিম উদ্দিন মাহমুদ ভূঞা, জহিরুল ইসলাম বিজয়, শান্তু কুমার নাথ, শারমিন নিশু, সাহেদ সামসুদ্দিন ও হাসান আল ওমর। সংগীত পরিবেশন করেন শামীমা আক্তার লাকী।
কবিতা, আলোচনা ও সংগীতের সম্মিলনে আয়োজিত এ স্মরণানুষ্ঠান ফেনীর সাহিত্যাঙ্গনে কবি বেলাল চৌধুরীর জীবন ও সৃষ্টিকর্মকে নতুন করে জানার এবং তাঁর সাহিত্যিক উত্তরাধিকার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস হিসেবে বিবেচিত হয়।