ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার আয়োজিত ‘ফসওয়াল লিটারেচার ফেস্টিভ্যাল ২০২৬’-এ অংশগ্রহণ করেন বাংলাদেশের ১৩ জন কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক।

১৫ থেকে ১৮ নভেম্বর ২০২৬ চার দিনব্যাপী ভারতের নয়াদিল্লিতে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের শতাধিক কবি-লেখক।

উৎসবে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন লেখক ও অনুবাদক অধ্যাপক ফকরুল আলম, ফরিদুর রহমান, কামরুল বাহার আরিফ, লোপা মমতাজ, আশরাফ জুয়েল, সৌম্য সালেক, নূরুল হক, যতন কুমার দেবনাথ, মোখলেস মুকুল, মুহাম্মদ ফরিদ হাসান, নুরুন্নাহার মুন্নী, কাদের পলাশ এবং নূরে আলম পাটোয়ারি।

পদ্মশ্রীপ্রাপ্ত লেখক অজিত কউরের নেতৃত্বে এ উৎসব আয়োজিত হচ্ছে প্রায় দুই দশক ধরে। ফেস্টিভ্যালের ভেন্যু ছিল নয়া দিল্লির একাডেমি অব ফাইন আর্টস অ্যান্ড লিটারেচার। এবার ছিল ফসওয়াল সার্ক সাহিত্য উৎসবের ৬৭তম আসর।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধীর নাতনি ড. তারা গান্ধী ভট্টাচার্য।

কবিতা, কথাসাহিত্য, শান্তি ও প্রত্যাশাসহ বিভিন্ন বিষয় নিয়ে ছত্রিশটি পর্বে অনুষ্ঠিত হয় এ সাহিত্য উৎসব। উৎসবের এবারের থিম: Earth Is Our Only Home.
শেষদিনে বিদেশি কবি-লেখকদের জন্য ছিল দিল্লির ঐতিহাসিক স্থান পরিদর্শনের ব্যবস্থা।
উৎসবে সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য চৌদ্দজন লেখককে সম্মাননা দেওয়া হয়। ফসওয়াল লাইফটাইম সম্মাননা পেয়েছেন বাংলাদেশের কবি, সম্পাদক ও অনুবাদক নূরুল হক।
