সোমবার,

৩০ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১৫ ১৪৩৩

XFilesBd

কবিতার ছন্দে ও স্বীকৃতির আলোয় মুখর বগুড়া: লেখক চক্রের সম্মেলনে আট গুণীজনের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রকাশিত: ২০:৫৬, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:০০, ২৯ নভেম্বর ২০২৬

কবিতার ছন্দে ও স্বীকৃতির আলোয় মুখর বগুড়া: লেখক চক্রের সম্মেলনে আট গুণীজনের সম্মাননা

গত শনিবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তন জুড়ে ছিল নান্দনিক এক পরিবেশ। ভেতরটা যেন এক ভিন্ন ভুবনে রূপ নিয়েছিল। বাইরের কোলাহল আর যান্ত্রিক ব্যস্ততা ছাপিয়ে মিলনায়তনের অন্দরে তখন শুধুই ছন্দ, কাব্যিক উচ্চারণ আর সৃজনশীলতার উষ্ণতা। বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমের নানা শাখায় অবদান রাখা আট বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার’ প্রদান করা হয়। দিনভর কবিতা পাঠ, সেমিনার ও মুক্ত আলোচনার পর সন্ধ্যায় এই সম্মাননা উৎসব সম্মেলনের আয়োজনকে দেয় পূর্ণতা ও মর্যাদার নতুন মাত্রা।

সম্মাননা ও স্বীকৃতির এই সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্বে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং প্রকাশনা ও কবি ব্যাগ উপহার দেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বাচিকশিল্পী অলক পালের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা কালচারাল অফিসার মোঃ মাহমুদুল হাসান, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, কবি সাংবাদিক ও প্রাবন্ধিক সৈকত হাবিব, বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার এবং কবি ও প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ্, গল্পকার শিহাব শহীদুল প্রমুখ।

অনুষ্ঠানের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত ছিল আট গুণীজনের হাতে সম্মাননা তুলে দেওয়া। প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্ত আট বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীর হাতে ক্রেস্ট তুলে দেন, আর সম্মানিত অতিথিবৃন্দ পরিয়ে দেন উত্তরীয় ও প্রদান করেন সনদপত্র। এ বছর নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি পান কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদনায় রহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী হিসেবে বায়েজিদ শেখ।

সম্মাননা প্রদান কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল না; বরং তা ছিল সৃজনশীলতাকে এগিয়ে নেওয়ার এক অনুপ্রেরণা। ধন্যবাদ জ্ঞাপন পর্বে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক আয়োজনের নানা দিক ও সাহিত্যচর্চার ধারাবাহিকতা তুলে ধরেন। সারাদিনের আয়োজনে সেমিনার, কবিতা পাঠ, আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠের পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল ‘নজরুল কথাসাহিত্যে নারী’ শীর্ষক মুক্ত আলোচনা, যেখানে সাহিত্যচর্চায় নারী চরিত্র ও মনন নিয়ে প্রাণবন্ত মতবিনিময় হয়।

সম্মেলনের দ্বিতীয় দিনের বিভিন্ন পর্বে কণ্ঠে ও কলমে কবিতার অনুরণন তোলেন কবি বিশ্বজিৎ দাস, বেলাল সরকার, শাকিবুল শাকিল, বানী রানী পাল, হাসি খাতুন, সম্পা রানী মোহন্ত, হাবীবুল্লাহ জুয়েল, কামরুন নাহার কুহেলী, মোমিন শাওন, বখতিয়ার হোসাইন, আবু রায়হান, হিরণ্য হারিন, অভি জেনেট, বকুল আশরাফ, তুষার শুভ্র, নাসির সিরাজী ও জুয়েল হাসানসহ অনেকে। সব মিলিয়ে কবিতা, আলোচনা আর গুণীজনদের সম্মাননায় বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।