ব্যস্তসমস্ত
ব্যস্ত হতে চাই, আফসোস!
ব্যস্ততা ঘেরে না আমাকে।
এ এক সমস্যা বটে
অবশ্য আমার নিজের নয়, অন্যের। আমার সমষ্টি অপরের কাছে
কূটপ্রশ্ন হয়ে দাঁড়ায়,
খুঁটিনাটি ক্রমাগত তাড়া করে ওদের।
কৃষ্ণের সমস্ত থেকে রাধা হয় ব্যস্ত,
টুকরো টুকরো অস্তিত্বের উত্তাপে অভিমান উথলে ওঠে।
বিশাখার দূতাবাস নড়েচড়ে বসে
ব্যাস রূপ নেয় সমাসে।
ফুল কখনো হয় না ব্যস্ত
তারায় থাকে না ব্যাকুলতার ছোঁয়া। ওদের প্রতি মুহূর্তের বিদ্যমানতায়
বিরাজ করে পূর্ণতার স্বরূপ।
পুরুষ হয়ে ওদের সান্নিধ্যে
রচে যাই আমার আসন।
©️ তারিফ হোসেন
