রোববার,

১৯ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৩ ১৪৩৩

XFilesBd

গল্পে রয়েছে বহুমাত্রিকতা

চন্দন আনোয়ারের উপন্যাস ‘অর্পিত জীবন’ : ‘শত্রু’ বা ‘অর্পিত’ সম্পত্তির আইনের ফাঁদে পড়া জীবনাখ্যান 

সুব্রত সরকার

প্রকাশিত: ২০:৫৭, ১২ মে ২০২৬

আপডেট: ২১:০২, ১২ মে ২০২৬

চন্দন আনোয়ারের উপন্যাস ‘অর্পিত জীবন’ : ‘শত্রু’ বা ‘অর্পিত’ সম্পত্তির আইনের ফাঁদে পড়া জীবনাখ্যান 

চন্দন আনোয়ার বাংলাদেশের এই সময়ের প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিকদের অন্যতম একজন| তিনি অসংখ্য গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখছেন|  বাংলােেদশ ছাড়াও পশ্চিম বাংলা থেকে একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে| বাংলাদেশ ও পশ্চিমবাংলায় বিদগ্ধ-মহলে বিশেষ পরিচিতি সুলেখক ও ‘গল্পকথা’র সম্পাদক হিসাবে| তাঁর ছোটগল্পের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল| বেশ একটু ভিন্ন স্টাইল বলে মনে দাগও কেটেছিল| ধারালো ভাষা ও রহস্যময়তার মিশেলে বাস্তবের স্পর্শকাতর উপস্থাপনা নিঃসন্দেহে পাঠকদের মনোযোগ আকর্ষণ করে| পশ্চিমবাংলার বিশিষ্ট চিন্তাশীল সাহিত্যপত্রিকা ‘সৃষ্টির একুশশতক’-এর উৎসব সংখ্যায় প্রকাশিত ‘অর্পিত জীবন’ আমাকে তাঁর উপন্যাসের সঙ্গে প্রথম পরিচয় করায়| উপন্যাসটি কলকাতার বইমেলায় ‘একুশ শতক’ প্রকাশনী থেকে বই আকারে প্রকাশিত হয়েছে| এছাড়াও বইটি বাংলাদেশের একুশের বইমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে বেরিয়েছে| বাংলাদেশ থেকে প্রকাশিত বইয়ের ফ্লপে লেখাটি নিম্নরূপ:
রাষ্ট্র নিজেই যদি তার নাগরিককে ‘শত্রু’ এবং নাগরিকের জীবন, বাস্তুভিটা, সম্পদ-সম্পত্তিকে ‘শত্রুর সম্পত্তি’ বলে আইন করে এবং দেশত্যাগের পথ ˆতরি করে দেয়, সেই দেশের সেই আইনের ফাঁদে পড়া নাগরিকের জীবন-যন্ত্রণার প্রকৃতচিত্র কী কোন ভাষায় ব্যাখা করা সম্ভব? ১৯৬৪ খ্রিস্টাব্দের পরে অদ্যবধি এই আইনের ফাঁদে পড়া বাস্তুভিটা হারা, দেশহারা, শেকড়চ্যুত মানুষের জীবন-বাস্তবতার এক করুণ আখ্যান চন্দন আনোয়ারের ‘অর্পিত জীবন’| শত্রু সম্পত্তি আইনের (স্বাধীনতার পরে যার নাম অর্পিত সম্পতি আইন) অভিঘাতে দেশত্যাগে বাধ্য কোটির উর্ধ্বে হিন্দুগোষ্ঠীর জীবনবাস্তবতা নিয়ে ঐতিহাসিক, রাজনৈতিক বা সামাজিক গবেষণা-ব্যাখ্যা যথেষ্ট থাকলেও এই আইনের ফাঁদের পড়া মানুষের ব্যক্তিজীবনের সংকট বা অন্তর্বেদনার গভীরতর তদন্ত শুধুমাত্র উপন্যাসেই উঠে আসা সম্ভব এবং ঔপন্যাসিক সেই চেষ্টাই করেছেন| 

ভাবতই উপন্যাসটি আমাকে নিয়ে গেল দেশভাগোত্তর বাংলাদেশের ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায়ে, বাংলাদেশের মাটিতে এবং একটি মুসলমান মেয়ের অন্তরে, নাম যার শ্যামলি| গরিব স্কুলমাস্টারের মেয়ের বিয়ে হল শহরের রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রথিত বিখ্যাত তিন পুরুষের খানদানী খান পরিবারে| স্বামী তার বাইরের জগতের মানুষ| শাশুড়ি পাকিস্তানি ঐতিহ্যের গরিমায় এখনো মূহ্যমান| বিশাল জমিজমা পুকুর নিয়ে প্রাচীন এক জমিদারের বাড়িতে তিনটি পঙ্গু সন্তান ও অসুস্থ শাশুড়ি নিয়ে শ্যামলির আলোআঁধারি জীবন| তার বাপের ঘরে ফেলে আসা রবীন্দ্রনাথের গান, বান্ধবীরা, অরুণ স্যারের স্মৃতি তাকে আনমনা করে| স্বামী সাকিবের নির্লিপ্ত উদাসিনতা তাকে নিঃসঙ্গ করে| ভেতরে  ভেতরে ক্ষয় হয় শ্যামলি| হিন্দু প্রতিবেশীদের বাড়ি-জমি-সম্মান ধূলায় মিশতে দেখে, দেখে ভয়ঙ্কর পরিস্থিতিতে আজন্ম চেনা মানুষদের সম্পত্তি ‘শত্রুর সম্পত্তি’ নামে চিহ্নিত হতে| বান্ধবী জমিদার তনয়া আদরিণী চন্দনাকে পথে নামায় আশ্রিত মুনিষ গফুর| দখল নেয় বিশাল সম্পত্তির| শ্যামলি সাকিবের উপর আস্থা রেখেছিল| সাকিব উদীয়মান নেতা | চল্লিশ বছরেই টেক্কা দিচ্ছে পার্টির বর্ষীয়ান নেতাদের| সাকিব হয়ত বদল আনতে চাইবে| গল্পের গভীর বুনট জমাট হতে থাকে, চিত্রপটে ফুটে ওঠে রহস্যময় চরিত্ররা| আসে সুশান্ত, আসে সূর্যাস্তপ্রেমী ভিখারিণী বুড়ি| ঘূর্ণীঝড়ের মতন দাপুটে ঘটনাস্রোত দ্রুত পাঠককে টেনে নিয়ে আছড়ে ফেলে বিচিত্র বিস্ময়কর পরিসমাপ্তির দিকে যখন আসলে আদৌ গল্প শেষ হয় না বরং দেখি এক নূতন স্বপ্নের জয়যাত্রার সূত্রপাত|


শ্যামলি তার নামের মতনই নরম নমনীয় মেয়েটির কী অভাবনীয় বিবর্তন| বৈপ্লবিক বলতে সাধ জাগে| সমাজের মুখোশ ছিঁড়ে ধর্মের সংকীর্ণতা ফুঁড়ে সাহসিকতার অভূতপূর্ব নিদর্শনই হয়ে ওঠে সে| মানবিতার মুক্তির সন্ধানে বেড়িয়ে পড়ে| বাস্তবে আজ শ্যামলিদের এমন উত্তরণই বাঁচাতে পারে পচাগলা  স্বার্থপর সমাজকে| মানুষের প্রতি মানুষের ভালোবাসাই পারে সমাজের হারানো সুস্থতা ফিরিয়ে আনতেভ
উপন্যাসটি আমাকে এক অচেনা দুনিয়ার সঙ্গে পরিচিতির সুযোগ করে দিল| গল্পের কিছু অনুসঙ্গ অনুমান করতে পারলেও ঘটনার নাটকীয় মিশ্রণ ও উপস্থিতি ভালো লাগল|সব মিলিয়ে বেশ একটা পরিতৃপ্তির রেশ রয়ে গেল উপন্যাসটি পড়ে|