বৃহস্পতিবার,

০২ জুলাই ২০২৬

|

আষাঢ় ১৭ ১৪৩৩

XFilesBd

কাল শুরু হবে নতুন ইনিংস

নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠকে শুভেন্দু, নিরাপত্তায় কড়া নজর

শিউলী সিকদার

প্রকাশিত: ১৭:২৫, ১০ মে ২০২৬

নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠকে শুভেন্দু, নিরাপত্তায় কড়া নজর

কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আগামীকাল সোমবার প্রথমবারের মতো নবান্নে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। দুপুর ১২টার দিকে নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। এ বৈঠককে ঘিরে নবান্ন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে হাওড়া ও কলকাতা পুলিশ। রোববার দুপুর থেকেই নবান্ন চত্বরে নিরাপত্তা খতিয়ে দেখতে তৎপর হয়ে ওঠেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ ও হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। তাঁদের সঙ্গে পুলিশের একাধিক শীর্ষ কর্মকর্তাও উপস্থিত ছিলেন। নবান্নের প্রবেশপথ, সভাঘর ও মুখ্যমন্ত্রীর চলাচলের সম্ভাব্য এলাকা ঘুরে দেখেন তাঁরা। কোথায় কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং কোথায় আরও নজরদারি বাড়ানো প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

পুলিশ বলছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। সভাঘরের নিরাপত্তা পরিস্থিতিও সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন কর্মকর্তারা। পরে নবান্নের সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠক করেন দুই পুলিশ কমিশনার। সেখানকার খবর, সোমবার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে প্রথম বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক পর্যালোচনার পাশাপাশি জেলা প্রশাসকদের সঙ্গেও পৃথক বৈঠক করার সম্ভাবনা রয়েছে। বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। সেখানে রাজ্যের ডিজি, কলকাতার পুলিশ কমিশনারসহ বিভিন্ন জোনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন।

তবে শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। ধর্মতলায় পূর্ত দপ্তরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

 

গতকাল শনিবার শুভেন্দুর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নেন। তাঁরা হলেন— দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। তবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। বিজেপি সূত্রের দাবি, সোমবারই নতুন মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। লোক ভবনে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। একই দিনে বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টনের বিষয়টিও চূড়ান্ত হতে পারে।