বুধবার,

২৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১৩ ১৪৩৩

XFilesBd

ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত থাকবে: প্রশাসক

প্রকাশিত: ২১:৫৬, ২৮ অক্টোবর ২০২৬

ফুটপাত  দখলমুক্ত অভিযান অব্যাহত থাকবে: প্রশাসক

মিরপুরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরেই অভিযান পরিচালনা করা হবে। বুধবার সকালে ও বিকেলে দুই দফায় রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবৈধ দখল ও ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনাকালে তিনি এ ঘোষণা দেন। মিরপুর, শাহ আলী, দারুস সালাম ও পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু হকার ও দখলদার সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচলের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মার্কেট কমিটির নেতারা এ বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন। তিনি বলেন, জনগণের হাঁটার পথ উন্মুক্ত করে দেওয়া তার নৈতিক দায়িত্ব। তাই ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসক আরও বলেন, পরাজিত শক্তি ও ফ্যাসিবাদী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ার পরও তাদের সঙ্গে সমন্বয় করে কেউ প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার উদ্যোগ ব্যাহত করার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাশ কাটিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। অভিযানে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় স্থানীয় পুলিশ কর্মকর্তা, ডিএনসিসির দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং ফুটপাতের দখল রোধে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএনসিসি প্রশাসন।