শুক্রবার,

৩১ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১৫ ১৪৩৩

XFilesBd

ভূক্তভোগীর দাবি: খবরের সবই মিথ্যা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ০২:১৪, ১২ মে ২০২৬

আপডেট: ০২:১৫, ১২ মে ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

                       প্রতিবাদলিপি

সম্প্রতি প্রকাশিত  অনিবন্ধিত দৈনিক জন জাগরণ, আজকের দেশ ডটকম, দৈনিক সমতল মাতৃভূমি সহ অনেকগুলো অনলাইন নিউজপোর্টালে “কর অঞ্চল-৩ এ ‘ভূয়া ঠিকানায় চাকরি’ ও নৈশ প্রহরী থেকে কোটি টাকার সম্পদের মালিক জুলহাস উদ্দিন” ও দৈনিক রূপবানী পত্রিকায় " রাজস্ব'র এক চুনোপঠির লঙ্কাকান্ড" শীর্ষক প্রতিবেদনে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার ব্যক্তি ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা।
প্রথমত, সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে আমি প্রচলিত সকল আইন, বিধি ও নিয়ম মেনেই নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমার চাকরির নথিপত্র, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ভেরিফিকেশনসহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যাচাই-বাছাই করেই অনুমোদিত হয়েছে। “ভূয়া ঠিকানা” বা “জাল কাগজপত্র” ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর।
দ্বিতীয়ত, প্রতিবেদনে আমার সম্পদ সম্পর্কে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার অধিকাংশই অনুমাননির্ভর, অতিরঞ্জিত এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আমার ও পরিবারের সদস্যদের বৈধ আয়, সঞ্চয়, পারিবারিক সম্পদ এবং বৈধ উৎস থেকে অর্জিত সম্পত্তিকে উদ্দেশ্যমূলকভাবে “অবৈধ সম্পদ” হিসেবে উপস্থাপন করা হয়েছে। অথচ এ বিষয়ে কোনো সরকারি তদন্ত বা আদালতের সিদ্ধান্ত নেই।
তৃতীয়ত, আমার ও আমার পরিবারের সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে সেগুলোর সঙ্গে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য যুক্ত করে প্রচার করা হয়েছে, যা শুধু অনৈতিকই নয়, সাংবাদিকতার ন্যূনতম নীতিমালারও পরিপন্থী। কোনো তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই বা ক্রস-চেক না করেই একতরফাভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে। এর ফলে আমার পরিবার সামাজিক ও মানসিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে।

আমার সন্তানদের পড়াশোনা, আত্মীয়স্বজনের বিদেশে বৈধভাবে বসবাস বা বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে নেতিবাচকভাবে উপস্থাপন করা অত্যন্ত দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। বিদেশে বৈধভাবে বসবাস করা বা নাগরিকত্ব গ্রহণ করা কোনো অপরাধ নয়। সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং স্থানীয় শিক্ষা, ক্রীড়া ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা করাও কোনো অপরাধ হতে পারে না। পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিগত বিষয়কে ইচ্ছাকৃতভাবে বিতর্কিতভাবে উপস্থাপন করা অনৈতিক, অযৌক্তিক এবং মানহানিকর।

আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি, প্রকৃত তথ্য যাচাই করে এই বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদটির সংশোধন ও যথাযথ প্রতিবাদ প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায়, আমার ব্যক্তি ও পারিবারিক সম্মান রক্ষার্থে প্রচলিত আইনি ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করছি।
বিনীত,
মোঃ জুলহাস উদ্দিন আহমেদ
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
কর অঞ্চল-৩, ঢাকা