বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৫ ১৪৩৩

XFilesBd

‘মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে’: আমিনবাজারের ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ১০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০১:৩৯, ১০ সেপ্টেম্বর ২০২৬

‘মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে’: আমিনবাজারের ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান

ভূমিদস্যু ও দালালদের চাহিদা মোতাবেক অবৈধ সুবিধা না দেওয়ায় উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশ করে সামাজিক এবং পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাভারের আমিনবাজার ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। সম্প্রতি গণমাধ্যমে তাঁকে জড়িয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিবেদনে তাঁকে লক্ষ্য করে প্রকাশিত তথ্য-উপাত্তের বিষয়ে মোঃ মনিরুজ্জামান বলেন, "আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত মনগড়া গল্প মাত্র। একজন সরকারি কর্মকর্তার দীর্ঘদিনের দায়িত্ব পালন ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার আগে নথিপত্র যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া উচিত ছিল।"

ঘুষ গ্রহণ, দালালচক্র পরিচালনা, অবৈধ নামজারি, রাজনৈতিক কার্যক্রমে অর্থায়ন কিংবা ‘সিন্ডিকেট’ পরিচালনার অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই সরকারি পদে থাকা অবস্থায় কাউকে 'দুর্নীতিবাজ', 'মাফিয়া' কিংবা রাজনৈতিক 'দোসর' হিসেবে চিহ্নিত করা অত্যন্ত দুঃখজনক ও অন্যায়। ইউনিয়ন ভূমি কর্মকর্তা স্পষ্ট জানান, সরকারি বিধি-বিধান মেনেই নাগরিকদের সেবা প্রদান করা হয়। সেখানে কোনো সেবাগ্রহীতাকে হয়রানি বা অহেতুক নামজারি বাতিলের সুযোগ নেই। নিয়ম অনুযায়ী নামজারি আবেদন যাচাই-বাছাই করে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড অফিসে প্রস্তাব পাঠানো হয় এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি খাস জমি উদ্ধার ও "ক" শ্রেণির ভূমির অবৈধ নামজারির প্রস্তাব নাকচ করে দেওয়ায় ভূমিদস্যু চক্র সাংবাদিক নামধারী কিছু স্বার্থান্বেষী মহলের মাধ্যমে এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে তিনি দাবি করেন।

সরকারি ছুটির দিনে বা রাতের বেলায় কার্যালয় খোলা রেখে কাজ করার বিষয়ে জানতে চাইলে তিনি ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রনালয় থেকে জারিকৃত পরিপত্র (স্মারক নং: ৩১.০০.০০০০.০৫৬,১৬.০১৮.১৯-৪১) উল্লেখ করে জানান, ই-নামজারি নিষ্পত্তির স্বার্থে সরকারি ছুটির দিনে কিংবা অফিস সময় শেষে কাজ করতে আইনি কোনো বাধা নেই। এছাড়া ইউএনডিপির কাজের সহায়তার উদ্দেশ্যে ২০২৬ সালের ২ এপ্রিল জারিকৃত পরিপত্রেও (স্মারক নং: ৩১.০০.০০০০.০১২.০৩.০৪১.২৪-৪৭৪) ছুটির দিনে কাজ করার স্পষ্ট নির্দেশনা রয়েছে।

প্রতিবেদনে উল্লেখিত নামজারি মামলা ও জমির ব্যাখ্যার বিষয়ে তিনি জানান, প্রতিটি নামজারি মামলা বিদ্যমান আইন ও বিধি অনুসরণ করেই সম্পন্ন করা হয়েছে। কোনো অন্যায়ের কাছে নতিস্বীকার করবেন না জানিয়ে তিনি বলেন, "সরকারি জমি রক্ষার স্বার্থে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো। তথ্য সন্ত্রাস করে আমাদেরকে ন্যায়ের পথ থেকে বিচ্যুত করা যাবে না।"

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ভবিষ্যতে যেকোনো সংবেদনশীল সংবাদ প্রকাশের ক্ষেত্রে সরকারি নথি ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সাথে পূর্ব প্রকাশিত বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রত্যাহার বা সংশোধন করে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের অনুরোধ করেন তিনি।