বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক পত্রিকার উদ্যোগে আজ বিকাল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে লেখক মোহাম্মদ শামছুজ্জামান রচিত জীবনধর্মী উপন্যাস 'নিষুপ্ত জাগরণ'-এর প্রেক্ষাপট ও সমকালীন মূল্যায়ন শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপন্যাসটি মুসলিম সাহিত্য সমাজের 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক আবুল হুসেন-এর জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে রচিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিজ্ঞান ও সংস্কৃতি পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য কবি মাহফুজ সালাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, "কোন জাতির উন্নতির জন্য রাষ্ট্রকে সার্বজনীন করতে হয়। নানা জাতি গোষ্ঠী নিয়েই রাষ্ট্র হবে। সমাজের ধনী-গরিব আছে, এটা থাকবে তবে এটা কমিয়ে আনার আয়োজন দরকার। সমাজে অন্যায় অবিচার থাকবে, অন্যায় থাকার পর ন্যায় চর্চা করার চেষ্টাটাই করতে হবে। এটা সবাই মিলে করতে হবে।"

অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচকগণ উপন্যাসের সাহিত্যমান, ঐতিহাসিক নির্ভুলতা এবং সমকালীন সমাজে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতেই বিজ্ঞান ও সংস্কৃতির পরিচিতি তুলে ধরেন বিশিষ্ট গল্পকার, বিজ্ঞান ও সংস্কৃতির নির্বাহী সম্পাদক নাজনীন সাথী, লেখক ও আবুল হুসেনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন কবি অনার্য নাঈম।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও সম্পাদক সৈকত হাবিব, কথাশিল্পী মনি হায়দার, লেখক ও শিক্ষাবিদ অধ্যক্ষ পাভেল চৌধুরী, কবি ও সাংবাদিক ইমরান মাহফুজ, কবি ও চিত্রশিল্পী শিশির মল্লিক, কবি ও প্রাবন্ধিক আলমগীর খান এবং সাহিত্যকর্মী তানজুম সাকিব।

সভাপতির বক্তব্যে কবি মাহফুজ সালাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "বিজ্ঞান ও সংস্কৃতি পত্রিকা সব সময়ই মুক্তচিন্তা ও মননশীল সাহিত্যচর্চাকে উৎসাহিত করে আসছে। আজকের এই সফল আয়োজন সেই ধারাবাহিকতারই একটি অংশ।"

অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি, সাহিত্যিক, গবেষক এবং প্রগতিশীল সংস্কৃতিকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাবন্ধিক, বিজ্ঞান ও সংস্কৃতির সম্পাদক মন্ডলীর সদস্য জনাব রিয়াজ মাহমুদ।
