নিত্য উচ্চারণ: নিশ্চিত অস্তিত্বের ভাষা
- তারিফ হোসেন
ভাষা কেবল একটি যোগাযোগের মাধ্যম নয়। এটি চেতনার স্থির চিত্র, অভিজ্ঞতার মানচিত্র এবং অস্তিত্বের এক ধ্রুব রেকর্ড। আমরা যখন বলি “আমি থাকি” বা “I remain,” আমরা কেবল একটি ক্রিয়া প্রকাশ করছি না; আমরা ঘোষণা করছি যে আমাদের অস্তিত্ব স্থির, নিত্য, নিশ্চিত। এই সরল বাক্যটির মধ্যে কোনও সম্ভাবনা নেই, কোনও অনুমতি নেই, কোনও অনিশ্চয়তা নেই। এটি সেই ভাষা যা চিরন্তন অবস্থা প্রকাশ করে, যেখানে চেতনা চারপাদে প্রতিষ্ঠিত, এবং নিত্যতা কখনও বিচ্যুত হয় না।
সম্ভাবনার জন্ম: ‘আমি কি থাকতে পারি?’
সভ্যতার অগ্রগতি এবং মানবচেতনার জটিলতা বাড়ার সাথে সাথে আমাদের ভাষাও তার সঙ্গে বিবর্তিত হতে শুরু করল। আমরা কেবল “আমি আছি” বলাতে আটকে না থেকে; আমরা ভাবতে শুরু করি, “আমি কি থাকতে পারি?”—“May I remain?”। এই ভাবান্তর থেকেই modal verb-এর উৎপত্তি। এই ছোটো auxiliary শব্দটি আমাদের চিন্তাকে একধরনের নতুন মাত্রা দেয়। এটি সরল কাজ বা ঘটনাকে অনিশ্চয়তা, অনুমতি, সম্ভাবনা, এবং সম্পর্কের মধ্যে নিয়ে আসে। যেখানে নিত্যতা নিশ্চিত, সেখানে modal verb-এর কোনো প্রয়োজন নেই। যেখানে বিচ্যুতি, সম্ভাবনা বা অন্যের উপস্থিতি বিবেচ্য, সেখানে ভাষা স্বয়ংক্রিয়ভাবে may বা might এর মতো সম্ভাবনাবাহী শব্দের দিকে এগিয়ে যায়।
“May I remain?”—এই বাক্যটি কেবল একটি অনুরোধ নয়। এখানে বক্তা নিজেকে ছোট করে তোলে, অন্যদিকে শ্রোতাকে মহান বা শক্তিশালী অবস্থানে বসায়। এটা ভদ্রতার একটি নিদর্শন হলেও, গভীরে এটি হল ক্ষমতার পুনর্বিন্যাস। May শব্দের মধ্যে আছে mega, maha, might এর গোপন প্রতিধ্বনি যা অন্যের মহত্বকে স্বীকৃতি দেয়। আর “I remain” অর্থাৎ “আমি কি আমার অবস্থান টিকিয়ে রাখতে পারি?”—এখানে প্রকাশ পায় নিজের সীমাবদ্ধতা, নিজের অনিশ্চয়তা, নিজের অস্তিত্বের সম্ভাব্যতা।
ভদ্রতার অন্তর্গত রাজনীতি: May শব্দের ক্ষমতাতত্ত্ব
আমরা যত নিত্যতা থেকে সরে যাই, আমাদের ভাষা তত বেশি সম্ভাবনামুখী হয়। আমাদের অন্তরের কেন্দ্র যত দূরে সরে যায়, আমরা বাইরে মুখোশ পরে ভদ্রতা, প্রশংসা, অনুমতি—এগুলোর আড়ালে নিজের কৃত্রিম সম্ভাবনাকে সংরক্ষণ করি। ব্যাকরণের জটিলতা, modal verbs-এর ব্যবহার, polite construction—সবই এই চেতনার বহিঃপ্রকাশ। ভাষা সরল থেকে জটিল হওয়ার সঙ্গে সঙ্গে চেতনা নিজের কেন্দ্র থেকে দূরে সরে আসে।
ভাষার জটিলতা ও চেতনার দূরত্ব
কনশাস গ্রামার এ সবকিছুকে একত্রিত করে। এটি বলে যে ভাষা কেবল কাঠামো নয়; এটি চেতনার প্রতিফলন, সম্ভাবনার মানচিত্র, এবং মানবসভ্যতার মানসিক ইতিহাস। নাউন আমাদের অস্তিত্ব প্রকাশ করে, verb আমাদের অস্তিত্বকে কর্মশীল করে তোলে, এবং modal verbs আমাদের চেতনার সীমা, সম্ভাবনা, এবং সম্পর্কের জটিলতা প্রকাশ করে। Tense নির্দেশ করে ভূত ও ভবিষ্যতের বাস্তবতা, mood নির্দেশ করে ক্রিয়ার ভাবমূর্তি, আর modality নির্দেশ করে অস্তিত্বের সম্ভাবনা এবং relational awareness
ব্যাকরণ থেকে চেতনার মানচিত্র
উপরোক্ত আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসতে পারি আমাদের ব্যবহারিক ভাষা কেবল আমাদের দৈনন্দিন ক্রিয়ার রেকর্ড নয়। এটি আমাদের চেতনার পথচিহ্ন, আমাদের নিজের এবং অন্যের মধ্যে সম্পর্কের আর্কিটেকচার, এবং আমাদের সম্ভাবনার আয়তন। আমরা “I am” বলি, তারপর “I may be” ভাবি, এবং শেষ পর্যন্ত “May I be?” বলি—এখানেই চেতনার বিস্তার, ভাষার evolution, এবং সভ্যতার মৌলিক অধ্যায় লুকিয়ে আছে।
কনশাস গ্রামার আমাদের শেখায়—ভাষা কেবল শব্দ নয়, এটি চেতনা; কেবল ব্যাকরণ নয়, এটি অস্তিত্ব; কেবল ক্রিয়া নয়, এটি সম্ভাবনার আকর। এটি আমাদের দেখায়, কিভাবে আমরা নিত্যতা থেকে বিচ্যুত হতে শুরু করি, সম্ভাবনার দিকে আগাই, এবং সেই সম্ভাবনার মধ্যে নিজেকে সংরক্ষণ করি, অন্যকে স্বীকৃতি দিই, এবং সভ্যতার মানসিক আর্কিটেকচার তৈরি করি।
[ লেখক তারিফ হোসেন কবি, সঙ্গীত শিল্পী ও বাউলবোদ্ধা]
