শনিবার,

১৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ৩০ ১৪৩২

XFilesBd

স্বাদে গন্ধে রয়েছে ভিন্নতা। বহুর ভিঁড়ে তাই অনন্য

বইমেলায় লেখকদের আলোচনায় সৌম্য সালেকের নতুন দুটো বই

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৭:৪১, ১৪ মার্চ ২০২৬

বইমেলায় লেখকদের আলোচনায় সৌম্য সালেকের নতুন দুটো বই

অমর একুশে বইমেলা ২০২৬-এ পাওয়া যাচ্ছে কবি সৌম্য সালেকের নতুন দুটি বই। জলধি থেকে বের হয়েছে কবিতাগ্রন্থ 'অতিযাপনের ক্ষয়ক্ষতি' এবং ছিন্নপত্র থেকে এসেছে নাটকের বই 'স্বপ্নবন্দী ও অন্যান্য নাটক। বইমেলায় জলধির ৭৬২-৭৬৩ নম্বর স্টলে কবিতা এবং ছিন্নপত্রের ১০০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে নাটকের বইটি। কবিতার বইটি নিয়ে সৌম্য সালেক বলেন : '২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ এর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে এই ৫২টি কবিতা লেখা হয়েছে। এ সময়কালের দেশীয় এবং বৈশ্বিক নানাবিধ ঘটনাপ্রবাহ যা আমাদের তাড়িত ও আলোড়িত করেছে তার নির্যাস এবং কবি-হৃদয়ের সংরক্ত সংবেদ এখানে ধ্বনিত হয়েছে। কবিতাপ্রেমী পাঠকরা এখানে নতুন কবিতার আস্বাদ পাবেন বলে আমি আশাবাদী।' 'অতিযাপনের ক্ষয়ক্ষতি' বইটির প্রচ্ছদ করেছেন খালেদ চৌধুরী এবং বইটির মূল্য ২৫০টাকা। 

নাটকের বই সম্পর্কে তিনি বলেন : "'স্বপ্নবন্দী ও অন্যান্য নাটক' বইতে অন্তর্ভুক্ত হয়েছে: স্বপ্নবন্দী, প্রিয়দর্শন, আমরা তিনজন এবং মধুর কুহক-সহ চারটি নাটক। নাটক কেবল মঞ্চের বিষয় নয়, এটি পাঠেরও বিষয়। ইউরোপে এখনও নাট্যসাহিত্যের গ্রন্থ মাঝে মাঝে সাড়া ফেলে এবং ব্যাপক পাঠ হয়। যেহেতু কাজগুলো করলাম, যেহেতু সময়, চিন্তা ও শ্রমের যোগ রয়েছে তাই গ্রন্থবদ্ধ করে নিলাম। নাট্যসাহিত্যের পাঠক, শিক্ষার্থী কিংবা দুএকজন নির্দেশক যদি পড়েন, বা মঞ্চস্থ হয় তবে সেটিকে আমার সীমিত প্রচেষ্টার বিপরীতে কম ভাববো না। '
'স্বপ্নবন্দী ও অন্যান্য নাটক' গ্রন্থের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ এবং বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা। 

নতুন দুটি বই ছাড়াও তার পূর্বে প্রকাশিত কয়েকটি বই মেলায় পাওয়া যাচ্ছে। সময় প্রকাশনের ৮২০--৮২৩ স্টলে রয়েছে কবিতার বই 'পাতাঝরার অর্কেস্ট্রা' এবং প্রবন্ধের বই 'শব্দ চিত্র মত ও মতবাদ'; কবি প্রকাশনীর ৭০৫-৭০৬ স্টলে আছে কবিতাবই 'পার্কবেঞ্চের কবিতা' এবং 'শিরঃপীড়া ও অন্যান্য সংবেদ'; কবিতাগ্রন্থ 'ঊষা ও গামিনি' রয়েছে দেশজ প্রকাশনের ৩৫৩-৩৫৪ নম্বর স্টলে; বুনন প্রকাশনের ৮৯৩ নম্বর স্টলে রয়েছে প্রবন্ধগ্রন্থ 'বিংশ একবিংশ' এবং প্রসিদ্ধ পাবলিশার্সের ৫১৬-৫১৭ স্টলে পাওয়া যাচ্ছে ভ্রমণকাহিনি 'মোমের পুতুল মমির দেশে' । 


উল্লেখ্য, সৌম্য সালেকের জন্ম ২৭ ফেব্রুয়ারি ১৯৮৭, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কাদলা গ্রামে মামার বাড়িতে। পৈত্রিক নিবাস একই উপজেলার তেতৈয়া গ্রামে। পিতা: মোঃ নূরুল ইসলাম এবং মাতা: রৌশন আরা বেগম।

তার প্রকাশিত গ্রন্থ: আত্মখুনের স্কেচ (প্রকৃতি প্রকাশন, কবিতা-২০১৬); ঊষা ও গামিনি (দেশজ প্রকাশন, কবিতা-২০১৮); পাতাঝরার অর্কেস্ট্রা (সময় প্রকাশন, কবিতা-২০২০); পার্কবেঞ্চের কবিতা (কবি প্রকাশন, কবিতা-২০২২); শিরঃপীড়া ও অন্যান্য সংবেদ (কবি প্রকাশন, কবিতা-২০২৩); শব্দ চিত্র মত ও মতবাদ (সময় প্রকাশন, প্রবন্ধগ্রন্থ-২০১৯); মোমের পুতুল মমির দেশে (প্রসিদ্ধ পাবলিশার্স, ভ্রমণ-২০২২) এবং বিংশ একবিংশ (বুনন প্রকাশন, প্রবন্ধ-২০২৫) । সম্পাদিত গ্রন্থ: যাপনে উদযাপনে ইলিশ (প্রকৃতি প্রকাশন-২০১৮); প্রত্ননাটক মহাস্থান (বাংলাদেশ শিল্পকলা একাডেমি-২০২০) এবং গল্পসংগ্রহ: অদ্বৈত মল্লবর্মণ (প্রকৃতি প্রকাশন-২০২১)। সম্পাদিত ছোটকাগজ চাষারু, শালবন এবং জলপুষ্প।

২০০৮ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত '২০০৭ সালের নির্বাচিত কবিতা'-শীর্ষক সংকলনে প্রকাশিত হয় সৌম্য সালেকের প্রথম কবিতা; তারপর থেকে অদ্যাবধি বাংলাদেশ এবং ভারতের শতাধিক পত্রিকা, ছোটকাগজ, সাময়িকী ও সংকলনে পত্রস্থ হয়েছে কবিতা ও প্রবন্ধ। শিল্প-সাহিত্য চর্চার স্বীকৃতিস্বরূপ এ যাবত বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, তারমধ্যে: 'ঊষা ও গামিনি' কাব্যের পাণ্ডুলিপির জন্য দেশজ জাতীয় পাণ্ডুলিপি পুরস্কার-২০১৭, চাঁদপুর জেলা প্রশাসক পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮ এবং ইলিশ উৎসব সম্মাননা-২০১৪ উল্লেখযোগ্য। তিনি পেশাগতভাবে কাজ করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।