পরিবেশবান্ধব ও বৈপ্লবিক কৃষিপণ্য উদ্ভাবন করে সরকারি স্বীকৃতি লাভ করেছেন কুষ্টিয়ার বিশিষ্ট আইনজীবী ও উদ্ভাবক এডভোকেট গৌতম কুমার রায়। তার আবিষ্কৃত "বায়োলজিক্যাল উইড কিলার অ্যান্ড ক্রপ প্রটেক্টিং প্রোডাক্ট" (Biological Weed Killer and Crop Protecting Product)-এর উদ্ভাবনী স্বত্ব বা পেটেন্ট মঞ্জুর করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT)।
অধিদপ্তরের সম্প্রতি ইস্যুকৃত নোটিশ (Memo No: DPDT/P/2026/19591) সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩-এর ২৪(১) ধারা অনুযায়ী গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তার এই আবেদনটি অনুমোদিত হয়, যার পেটেন্ট সিরিয়াল নম্বর ১০০৭১১০ (Bangladesh Patent Serial No. 1007110)। কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস ঢাকা রোডের বাসিন্দা এডভোকেট গৌতম কুমার রায় গত ৭ এপ্রিল ২০২৫ তারিখে এই উদ্ভাবনের পেটেন্টের জন্য আবেদনপত্র (BD-P-2025-139) জমা দেন। সার্বিক যাচাই-বাছাই ও পর্যালোচনার পর অধিদপ্তর থেকে তার এই আবিষ্কারকে অফিসিয়ালি স্বীকৃতি দিয়ে 'নোটিশ অব গ্রান্ট' জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত এই পেটেন্টের বিস্তারিত বিবরণী ও সংশ্লিষ্ট তথ্যাদি সর্বসাধারণের দেখার জন্য অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কৃষিক্ষেত্রে ক্ষতিকর রাসায়নিকের বিকল্প হিসেবে এই জৈব আগাছানাশক ও ফসল সুরক্ষা পণ্যটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
