ক্রীড়া নৈপুণ্য, তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং খেলোয়াড়দের অসামান্য জয়ের উদযাপনের মধ্য দিয়ে শেষ হলো ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। উক্ত প্রতিযোগিতার অন্যতম প্রধান আকর্ষণ কাবাডি খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাসিব ড্রিম স্কুল অ্যান্ড কলেজ। গত ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সার্বিক আয়োজনে ও ব্যবস্থাপনায় স্থানীয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শক্তিশালী দলগুলোর অংশগ্রহণে প্রতিযোগিতায় ফুটে ওঠে তরুণ অ্যাথলেটদের দারুণ শারীরিক সক্ষমতা ও কৌশলগত পারদর্শিতা।

টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত দাপট দেখায় হাসিব ড্রিম স্কুল অ্যান্ড কলেজের কাবাডি দলটি। প্রথম পর্বে মিরপুর উপজেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে নিজেদের অবস্থান নিশ্চিত করে তারা। পরবর্তীতে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় কুমারখালী উপজেলার বিরুদ্ধে।

কুমারখালীর শক্তিশালী রক্ষণভাগকে টেক্কা দিয়ে একের পর এক পয়েন্ট ছিনিয়ে নেন হাসিব ড্রিম স্কুলের খেলোয়াড়েরা। গতি ও কৌশলের অনবদ্য প্রদর্শনীতে কুমারখালীকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করে প্রতিষ্ঠানটির কাবাডি দল।

খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইউনুছ আলী।
বক্তারা তাঁদের বক্তব্যে পড়াশোনার পাশাপাশি শারীরিক গঠন, মানসিক বিকাশ ও দেশীয় সংস্কৃতি রক্ষায় খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন। বিশেষ করে জাতীয় খেলা কাবাডিকে তৃণমূল পর্যায়ে বাঁচিয়ে রাখতে এ ধরনের স্কুলভিত্তিক প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন তাঁরা। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। হাসিব ড্রিম স্কুল অ্যান্ড কলেজ কাবাডি দলের অধিনায়ক প্রাঞ্জল কুমার দাস সতীর্থদের সাথে নিয়ে ট্রফি গ্রহণ করেন।

এদিকে জেলা পর্যায়ে কাবাডিতে এই গৌরবোজ্জ্বল সাফল্যে ভাসছে হাসিব ড্রিম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমহল। দলের এই অসামান্য অর্জনে হাসিব ড্রিম স্কুল কলেজের চেয়ারম্যান, দেশবরেণ্য শিল্পপতি আলহাজ্ব মজিবর রহমান এবং অধ্যক্ষ ড. মেজর নুরুল আমিন হেলাল (অব.) কাবাডি দলের অধিনায়কসহ সকল খেলোয়াড়, কোচ ও শারীরিক শিক্ষাসংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রতিষ্ঠানটির ভাবমূর্তি উজ্জ্বল করায় এই তরুণ অ্যাথলেটদের আগামীতেও সব ধরনের সহায়তা ও পৃষ্ঠপোষকতা প্রদানের প্রতিশ্রুতি দেন তাঁরা।

