বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬

|

আষাঢ় ৩ ১৪৩৩

XFilesBd

সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে তার বাসায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৩, ১৮ জুন ২০২৬

সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে তার বাসায় প্রধানমন্ত্রী

বিএনপির সাবেক প্রবীণ সংসদ সদস্য খালেদা রাব্বানীকে দেখতে মৌলভীবাজার শহরে তার বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকালে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠান শেষে শহরের শাহ মোস্তফা রোডের বাসায় যান প্রধানমন্ত্রী। তিনি দলের প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে তুলে ধরেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সেখানে উপস্থিত দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, খালেদা রাব্বানী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে মাথা ছুঁয়ে দোয়া করেন। এসময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার স্মৃতি তুলে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েন। মৌলভীবাজার বিএনপির বর্ষীয়ান নেতা খালেদা রাব্বানী বিভিন্ন শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

পরে সন্ধ্যায় শহরের গিয়াসনগরের নিতেশ্বরে এম সাইফুর রহমান কনভেনশন সেন্টারে জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, সংসদ সদস্য এম নাসের রহমানসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে ঢাকায় ফিরতে প্রধানমন্ত্রী রাত ১০টার দিকে সিলেট বিমানবন্দরে পৌঁছান।