বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬

|

আষাঢ় ৩ ১৪৩৩

XFilesBd

তারিকুল ইসলাম মুকুলের আশা, সমাধান শিগগিরই

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে মন্ত্রণালয়ে আবেদন আদ্-দ্বীন হাসপাতালের

সুব্রত সরকার

প্রকাশিত: ০১:২২, ১৮ জুন ২০২৬

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে মন্ত্রণালয়ে আবেদন আদ্-দ্বীন হাসপাতালের

ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত রেখে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখার অনুমতি চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে লিখিত আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।বুধবার (১৭ জুন) সন্ধ্যায় আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

সংকটাপন্ন রোগীদের জীবনঝুঁকির আশঙ্কা

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ১১০ জন রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে অনেকেই সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এ অবস্থায় তাদের তাৎক্ষণিকভাবে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলে জীবনঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১৫ জুন) হাসপাতালটির নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসার স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারের কাছে আপিল করবে। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় সংস্কার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও আবেদনে জানানো হয়।

শুরু হয়েছে অবকাঠামোগত সংস্কার

আবেদনে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির পর হাসপাতালের প্রাঙ্গণ আধুনিকায়ন, ভেন্টিলেশন ব্যবস্থার উন্নয়ন, মেডিকেল কলেজ ভবনে পরিচালিত বেকারি কার্যক্রম বন্ধ এবং সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কারসহ একাধিক সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে হাসপাতালটির বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন মোট ১১০ জন রোগী। এর মধ্যে আইসিইউ ও এইচডিইউতে ৯ জন, সিসিইউতে ২ জন এবং এনআইসিইউতে ৪৩ জন নবজাতক ভর্তি রয়েছে, যাদের অনেকেই তীব্র স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এছাড়া শিশু ওয়ার্ডে ২৯ জন, গাইনি ও প্রসূতি ওয়ার্ডে ৮ জন, মহিলা সার্জারি ওয়ার্ডে ৬ জন, মহিলা মেডিসিন ওয়ার্ডে ২ জন, পুরুষ মেডিসিন ওয়ার্ডে ৩ জন এবং বিভিন্ন কেবিনে আরও ৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্থানান্তর প্রক্রিয়াকে ঝুঁকিপূর্ণ বলছেন স্বজনরা

আদ্-দ্বীন কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্থানান্তরের জন্য ওয়ান-স্টপ সার্ভিস হিসেবে ছয়টি হাসপাতালকে নির্দেশনা দিয়েছে। তবে ভর্তি রোগীদের অনেক পরিবারের দাবি, আর্থিক ও স্বাস্থ্যগত কারণে এই মুহূর্তে রোগীদের অন্যত্র স্থানান্তর করা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় মানবিক বিবেচনায় লাইসেন্স বাতিলের আদেশ আপাতত স্থগিত রাখা অথবা অন্তত ভর্তি রোগীদের চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত হাসপাতালটি চালু রাখার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।

আবেদনে আরও বলা হয়, অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে চিকিৎসাসেবা অব্যাহত থাকলে রোগীদের ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল

উল্লেখ্য, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে ৭২ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীতে নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে চূড়ান্ত আদেশ জারি করা হয়।