নিউইয়র্ক, ১৭ সেপ্টেম্বর ২০২৬: নিউইয়র্কের Borough of Manhattan Community College (BMCC), ১৯৯ চেম্বার্স স্ট্রিটে আজ আনুষ্ঠানিকভাবে সকাল ৯.৩০টায় শুরু হয়েছে 5th New York International Trade Fair & Chamber Annual Business Expo 2026। মেলায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং প্রতিবেশী বিভিন্ন দেশের বিপুলসংখ্যক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক, চেম্বার প্রতিনিধি ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ, MD, FASN; Greater New York Chamber of Commerce-এর President & CEO মার্ক জ্যাফে এবং U.S. Small Business Administration-এর Administrator কেলি লফলার। তাঁদের অংশগ্রহণ উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসার বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিভিন্ন দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধির গুরুত্বকে তুলে ধরে।

Kelly Loeffler, Administrator, U.S. Small Business Administration, তাঁর বক্তব্যে ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তাঁর অংশগ্রহণও আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ ও উদ্যোক্তা উন্নয়নের প্রতি গুরুত্বকে প্রতিফলিত করে। উদ্বোধনী বক্তব্যে ড. জিয়াউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির গুরুত্বপূর্ণ অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে সফল বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্যোক্তা ও পেশাজীবীদের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং Greater New York Chamber of Commerce-এর দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য মার্ক জ্যাফে ও অ্যামিট শাহকে ধন্যবাদ জানান।
ড. জিয়াউদ্দিন আহমেদ উল্লেখ করেন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি সংখ্যায় তুলনামূলকভাবে ছোট হলেও যুক্তরাষ্ট্রের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিক্ষা, ব্যবসা ও কমিউনিটি উন্নয়নে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ফজলুর রহমান খান, সালমান খান, জাওয়েদ করিম, ড. আবুল হুসাম, আবদুস সাত্তার খান, ড. এম. জাহিদ হাসান এবং সৈয়দ জাকি হোসাইনের মতো বিশিষ্ট ব্যক্তিদের সাফল্যের উদাহরণ তুলে ধরেন।
তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একটি গুরুত্বপূর্ণ বাজার। একই সঙ্গে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করছে। তিনি এই এক্সপোকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে উল্লেখ করেন।
Greater New York Chamber of Commerce-এর President & CEO মার্ক জ্যাফে তাঁর বক্তব্যে চেম্বারের ২৫ বছরের Chamber Business EXPO আয়োজনের অভিজ্ঞতা এবং গত পাঁচ বছর ধরে বাংলাদেশ-ইউএস চেম্বারের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এই এক্সপো বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক তৈরির পাশাপাশি বড় ব্যবসা ও ছোট এবং উদীয়মান ব্যবসাগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে। মেলায় বিপুলসংখ্যক দর্শনার্থী ও ব্যবসায়ীর উপস্থিতি লক্ষ্য করা যায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় ব্যবসায়ী, বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী, বাংলাদেশি ব্যবসায়ী এবং ভারত, চীন, নেপাল, পাকিস্তানসহ প্রতিবেশী বিভিন্ন দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা মেলা ও সেমিনারে অংশগ্রহণ করেন। এর ফলে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হয়।
