পটুয়াখালী জেলার সামগ্রিক উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে রাজনৈতিক নেতৃত্ব ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন সরকারের উচ্চপর্যায় ও স্থানীয় সংসদ সদস্যবৃন্দ। শুক্রবার রাজধানীতে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের সাথে ঢাকায় কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ)’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির এক সৌজন্য সাক্ষাৎ ও বৈচিত্র্যময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। পরবর্তীতে খোলামেলা আলোচনায় পটুয়াখালীর সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা এবং স্থানীয় নানা জটিল সমস্যা সমাধানের দিকগুলো বিস্তারিতভাবে উঠে আসে।

মতবিনিময় সভায় দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ উন্নয়ন-চাহিদাগুলো অগ্রাধিকার পায়। বিশেষ করে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করা, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণ সক্ষমতায় সচল করা, পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) নির্মাণকাজ ত্বরান্বিত করা এবং দেশের প্রধানতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় একটি আধুনিক বিমানবন্দর স্থাপনের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এসব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি পটুয়াখালীর আপামর জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় আমন্ত্রিত বক্তারা উল্লেখ করেন—সমুদ্রবন্দর, পর্যটন, কৃষি, মৎস্য ও যোগাযোগের ক্ষেত্রে অনন্য অবস্থানের কারণে দেশের অর্থনৈতিক মানচিত্রে পটুয়াখালী অন্যতম প্রাণকেন্দ্র। সময়োপযোগী ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতিতে এ অঞ্চল অভাবনীয় অবদান রাখতে সক্ষম হবে। পাশাপাশি পটুয়াখালীর সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে তুলে ধরতে রাজনীতিবিদ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং জেলা স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের (পিজেএফ) নবনির্বাচিত সভাপতি ও বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও আর টিভির যুগ্ম বার্তা সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল, অর্থ সম্পাদক ও দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও দেশ টিভির স্টাফ রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক ও দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব) এবং প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ও দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন অংশ নেন। কার্যনির্বাহী সদস্য ও একুশে টেলিভিশনের রিপোর্টার মো. আরিফুল ইসলাম, দৈনিক এ দিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিন বার্তার রিপোর্টার রিপন হাওলাদার এবং অপরাধচিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন সভায় উপস্থিত ছিলেন।
