সোমবার,

১৭ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১ ১৪৩৩

XFilesBd

এক মাসের মধ্যে আসবে উল্লেখযোগ্য পরিবর্তন

চেনা ফর্মে মগবাজারের আদ-দ্বীন: সেবার মান নিয়ে সন্তুষ্ট রোগীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৬, ১৭ আগস্ট ২০২৬

চেনা ফর্মে মগবাজারের আদ-দ্বীন: সেবার মান নিয়ে সন্তুষ্ট রোগীরা

একসময়ের থমথমে পরিবেশ কাটিয়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল এখন পুরোপুরি চেনা ফর্মে। দিন কিংবা রাত—সারাক্ষণই সেখানে চিকিৎসাপ্রার্থী মানুষের ব্যস্ততা। জরুরি বিভাগ থেকে শুরু করে টিকিট কাউন্টার বা বহির্বিভাগে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ভিড় সামলাতে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের অচলাবস্থা কেটে সেবা পুনরায় পুরোদমে চালু হওয়ায় সবচেয়ে বেশি স্বস্তি ফিরেছে সাধারণ ও নিম্নবিত্ত পরিবারগুলোতে।


বেসরকারি অন্য যেকোনো হাসপাতালের তুলনায় নামমাত্র খরচে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার কারণেই আদ-দ্বীনের ওপর সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছে। বিশেষ করে প্রসূতি সেবা, শিশু চিকিৎসা এবং চোখের ফ্রি চিকিৎসার পাশাপাশি কম খরচের ডায়ালিসিস ইউনিটটি আবার সচল হওয়ায় প্রতিদিন শত শত রোগী সেবা নিতে পারছেন। সেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের মুখে এখন দেখা যাচ্ছে স্পষ্ট স্বস্তির ছাপ। তাঁদের মতে, কম খরচে সার্বক্ষণিক চিকিৎসক পাওয়া এবং অল্প ভাড়ায় নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়ার সুবিধা প্রান্তিক মানুষের অনেক বড় উপকার করছে।


হাসপাতাল চত্বরে কথা হয় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা একাধিক রোগী ও তাঁদের স্বজনদের সাথে। তারা জানান, সাময়িক স্থবিরতার সময় সঠিক ও সাশ্রয়ী চিকিৎসার দুশ্চিন্তায় পড়তে হয়েছিল। তবে এখন আগের মতোই যত্ন সহকারে সেবা পাওয়া যাচ্ছে। চিকিৎসকদের আন্তরিকতা এবং নার্সদের সুনিবিড় পরিচর্যায় সেবাগ্রহীতারা অত্যন্ত সন্তুষ্ট। হাসপাতাল কর্তৃপক্ষও স্পষ্ট করেছে, রোগীর চাপ যতই বাড়ুক না কেন, কম খরচে ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার যে মূল লক্ষ্য, তাতে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে সেবার ধরণ ও আন্তরিকতায় আদ-দ্বীন হাসপাতাল আবার সেই পুরোনো বিশ্বাস ও ভরসার প্রতীক হয়ে উঠেছে।