ক্যান্সার মানেই মৃত্যু নয়, সঠিক চিকিৎসায় সুস্থতা সম্ভব’—এই বার্তাকে সামনে রেখে ভারতে আধুনিক ও উন্নত ক্যান্সার চিকিৎসাসেবা সম্পর্কে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) নগরের রানীবাজারের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতার নিউ টাউনে অবস্থিত HCG Cancer Centre-এর চিকিৎসাসেবা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে অনুষ্ঠানে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাশ্রয়ী ব্যয়ে উন্নতমানের ক্যান্সার চিকিৎসা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর শাহ মখদুম কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রধান ড. সুলতান মাহমুদ রেজা, HCG Cancer Centre-এর আন্তর্জাতিক রোগীসেবা বিভাগের প্রতিনিধি সৌভিক সাম, আস্থা মেডিকেল ট্যুরিজম, ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাউছারুল হক খান এবং রাজশাহী সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মমিনুল হক মমিন। আয়োজকেরা জানান, HCG Cancer Centre-এ সার্জিক্যাল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি ও মেডিক্যাল অনকোলজির পাশাপাশি হেমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, শিশু ক্যান্সার চিকিৎসা, নিউক্লিয়ার মেডিসিন, প্যালিয়েটিভ কেয়ার এবং ডে-কেয়ার কেমোথেরাপির মতো বিশেষায়িত সেবা রয়েছে। ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। হাসপাতালটিতে da Vinci X Robotic Surgical System, Radixact X9 Radiation TomoTherapy, Elekta Versa HD, PET-CT, CAR T-cell Therapy এবং CliniMACS Cell Separation System-এর মতো প্রযুক্তি ব্যবহারের কথা জানানো হয়। এসব প্রযুক্তি ক্যান্সার নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, অস্ত্রোপচার ও রেডিয়েশন থেরাপিকে আরও নির্ভুল ও রোগীকেন্দ্রিক করতে ব্যবহৃত হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোগীর ক্যান্সারের ধরন, পর্যায় ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসার পরিকল্পনা করা হয়। অস্ত্রোপচারের ক্ষেত্রে কম কাটাছেঁড়া এবং সম্ভব হলে আক্রান্ত অঙ্গ সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। রক্তের ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য স্টেম সেল ট্রান্সপ্লান্ট এবং নির্বাচিত রোগীদের জন্য CAR T-cell Therapy-এর মতো আধুনিক চিকিৎসার সুযোগ রয়েছে। রাজশাহীতে অনুষ্ঠিত ‘Partners Meet’ অনুষ্ঠানের ব্যানারে প্রতিষ্ঠানটির মূল বার্তা ছিল—‘Stronger Together, Shared Purpose, Better Outcomes, Adding Life to Years’। অর্থাৎ পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করে চিকিৎসার ফলাফল আরও উন্নত করা এবং রোগীদের জীবনকে আরও স্বস্তিদায়ক করাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে রাজশাহীর কয়েকজন চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় হয়। তাঁরা বলেন, আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত চিকিৎসাসেবার সমন্বয়ে ক্যান্সার চিকিৎসার সুযোগ বাড়ানো প্রশংসনীয় উদ্যোগ। তবে চিকিৎসার মানের পাশাপাশি রোগীর আর্থিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ক্যান্সার চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল হওয়ায় রোগী ও স্বজনদের কাছে চিকিৎসার সম্ভাব্য ব্যয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে উন্নত চিকিৎসা সাশ্রয়ী ব্যয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবে চিকিৎসার ধরন, সম্ভাব্য ফলাফল ও মোট ব্যয় রোগীর ক্যান্সারের ধরন, রোগের পর্যায় এবং প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির ওপর নির্ভর করে। তাই বিদেশে চিকিৎসা নেওয়ার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে নির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি, সম্ভাব্য ফলাফল ও মোট ব্যয়ের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
