চাঁপাইনবাবগঞ্জে সাধারণ ডায়েরি (জিডি) করা হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন রোববার (৭ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। জেলা পুলিশ সূত্র জানায়, গত মে মাসে জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে অনুসন্ধান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ফোনগুলোর অবস্থান শনাক্ত করে সেগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হওয়া ২৩টি মোবাইল ফোনের মধ্যে সদর থানার এএসআই আব্দুল মোতালেবের নেতৃত্বে ১৮টি, নাচোল থানার এএসআই মো. ফরহাদ হোসেনের মাধ্যমে ৩টি এবং শিবগঞ্জ থানার এসআই মো. রবিউল ইসলামের মাধ্যমে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের আন্তরিক প্রচেষ্টার কারণেই সেটি সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “জনগণের জানমাল রক্ষা এবং হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি মোবাইল ফোন হারালে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করার মাধ্যমে আইনগত সহায়তা গ্রহণ করা উচিত।”
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমের কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে প্রযুক্তিনির্ভর তদন্ত, দ্রুত সেবা প্রদান এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের ভূমিকা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
হারানো সম্পদ উদ্ধারে পুলিশের এই উদ্যোগ শুধু ভুক্তভোগীদের মুখে হাসিই ফোটায়নি, বরং জনগণ ও পুলিশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ককেও আরও সুদৃঢ় করেছে
