তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, নান্দাইল-সহ ময়মনসিংহকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করে গড়ে তুলতে হবে। মাদক ও চাঁদাবাজির বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আমার বা দলের নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কাজ করতে এলে কঠোর ব্যবস্থা নিতে হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা রাজনীতি করি জনগণের ভোটে নির্বাচিত হয়ে। সাধারণ মানুষ প্রয়োজনে আমাদের কাছে আসবে, আবার অসাধুরাও কাছের লোক পরিচয় দিয়ে অন্যায় তদবির করতে চাইবে। কে আলেম, কে জালেম—তা অনেক সময় নির্ধারণ করা কঠিন হয়ে যায়। তাই কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে কেউ প্রতারণা করতে না পারে। কর্মকর্তাদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, প্রকৃত প্রাপ্য ব্যক্তিরা যেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পান, তা নিশ্চিত করতে হবে। নগরীর যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ কার্যকর পরিকল্পনা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি সার্কিট হাউজের উন্নয়ন পরিকল্পনার কথাও জানান।
মোঃ সাইফুর রহমান জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর অধীন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
